নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক লিন্ডা

- সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 214
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সমাজসেবী, সংগঠক ও উদ্যোক্তা ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা।
সোমবার (৩ আগস্ট) নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় এবং মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যবিশিষ্ট খুলনা মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মাহবুবুর রহমান মুন্নাকে সভাপতি, মো. রুহুল আমিন তালুকদার সোহাগকে সাধারণ সম্পাদক এবং ফাতেমা-তুজ-জোহরা লিন্ডাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, নিরাপদ সড়ক আন্দোলন, নারী উদ্যোক্তা বিকাশ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় গঠিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয়-সংক্রান্ত বিভাগীয় কমিটিতে ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি খুলনা অনলাইন সেলার গ্রুপের সভাপতির দায়িত্বও পালন করছেন।
নিসচার সংশ্লিষ্টরা জানান, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা, নেতৃত্বগুণ এবং অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে খুলনা মহানগরে নিরাপদ সড়ক আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত হবে বলে তারা আশাবাদী।
নতুন দায়িত্ব পেয়ে ফাতেমা-তুজ-জোহরা লিন্ডা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণ এবং নিসচার কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। এ কাজে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।































