নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ

- সর্বশেষ আপডেট ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 168
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীসহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার ভোটাররা। ফলে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনজুড়ে তৈরি হয়েছে উপচে পড়া ভিড়। নির্বাচন ঘিরে এই যাত্রা অনেকের কাছেই যেন ঈদের বাড়ি ফেরার মতো আনন্দের।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে বাড়তে থাকে যাত্রীদের চাপ। সূর্য ওঠার আগেই প্ল্যাটফর্মে জড়ো হন শত শত মানুষ। কারও হাতে বড় ট্রলি ব্যাগ, কারও কাঁধে ব্যাকপ্যাক, কেউ আবার শিশুদের হাত ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। ট্রেনের ঘোষণা ভেসে আসার সঙ্গে সঙ্গে যাত্রীদের ব্যস্ততা আরও বেড়ে যায়। বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ।
অনেকে বলছেন, কয়েক বছর পর একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাওয়ায় তারা এই বাড়তি কষ্টটুকু মেনে নিচ্ছেন।
স্টেশন ঘুরে দেখা যায়, দল বেঁধে যাচ্ছেন অনেকেই। বন্ধু বা সহকর্মীদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠেছেন কেউ কেউ। আবার কেউ চুপচাপ অপেক্ষা করছেন ট্রেনের। কিন্তু সবার চোখেমুখেই একই রকম উচ্ছ্বাস। দীর্ঘদিন পর বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের উৎসবের আবহ।
রেলওয়ে ও বাস সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রীচাপ সামাল দিতে অতিরিক্ত ট্রেন ও বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। তবু নির্বাচন ঘিরে বাড়ি ফেরার আগ্রহ এত বেশি যে চাপ পুরোপুরি কমানো যাচ্ছে না।
এদিকে নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
সব মিলিয়ে রাজধানীর টার্মিনালগুলো এখন শুধু যাত্রাপথ নয়, যেন এক মিলনমেলা।





























