নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি দেখতে নৌবাহিনী প্রধান মাঠ পরিদর্শনে

- সর্বশেষ আপডেট ০৯:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 198
নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী মাঠ পর্যায়ে সরেজমিনে প্রস্তুতি পরিদর্শন করেছে।
বুধবার নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান কুতুবদিয়া ও সন্দ্বীপ পরিদর্শন করেন, যেখানে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে তদারক করা হয়।
আইএসপিআর থেকে জানানো হয়, পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, ডিজিএফআই, এনএসআই, র্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জোর দেওয়া হয়। নৌবাহিনী প্রধান সকলকে নির্দেশ দেন যাতে ভোটাররা ভয়ভীতি ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন।
তিনি ভোটকেন্দ্র, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদারের জন্য ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্সে নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পর্যাপ্ত বোট, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, নিয়মিত টহল, ফুট পেট্রোলিং এবং প্রয়োজনীয় দ্রুত প্রতিক্রিয়া বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। নৌবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভোটার নিরাপত্তা ও সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

































