নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

- সর্বশেষ আপডেট ০৬:১৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 391
নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী পোশাক কারখানা নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে একজন অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৭ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেন- শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও খাদিজা (২০)। তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়কে কারখানাটির শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় অন্তত ১০ স্টাফকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা কারখানায় ফিরে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে পাগলা তালতলা এলাকায় অবস্থিত গার্মেন্টসটিতে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্রমিক আহতের খবর ছড়িয়ে পড়লে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ-পোস্তগোলা সড়কে অবস্থান নিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি করেছেন, কারখানায় আগুন ধরা বয়লারটি অনেক পুরানো ছিল। বয়লারটি পরিবর্তন করতে বারবার অনুরোধ করা হলেও মালিকপক্ষ সে অনুরোধে সাড়া দেননি।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম সংবাদমাধ্যমকে জানান, শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দুর্ঘটনা ঘটতো না।































