নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

- সর্বশেষ আপডেট ০২:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 84
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে রেললাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
ওসি বলেন, স্থানীয়রা হঠাৎ বিদ্যুতের লাইনে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে যান। সেখানে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, নিহতের পরনে ছিল ময়লা প্যান্ট ও টি-শার্ট। মরদেহের পাশে বিদ্যুতের তার চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জামও পাওয়া গেছে।
ঘটনাস্থল রেললাইনের পাশে হওয়ায় রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।































