নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ
- সর্বশেষ আপডেট ১২:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 40
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া দুই দিনের এই বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবে দুই দেশ। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্যিক নানা বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দর-সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলটি মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে এক হাজার ৯৬ কোটি ডলারের পণ্য।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারত থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করেন।





























