ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটে আপত্তি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 167

ইউপি নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সম্ভাব্য সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। তাদের মতে, আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন আয়োজন করা হলে প্রস্তুতি নেওয়া সহজ হবে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব বিষয় উঠে আসে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর আড়াইটার পর শুরু হওয়া সভা চলে বিকেল ৪টা পর্যন্ত। সভায় চার নির্বাচন কমিশনার ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার ও সোমবার অনানুষ্ঠানিক বৈঠক করে ইউপি নির্বাচন সাত ধাপে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছিল ইসি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে করার কথা বলা হয়েছিল। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপে সবচেয়ে বেশি ইউপিতে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে আন্তঃমন্ত্রণালয় সভায় নভেম্বর ও ডিসেম্বরে ভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আপত্তি দেখা দেয়। বৈঠক সূত্র জানায়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সচিবদের কাছে জানতে চাওয়া হয়, কোন সময় নির্বাচন আয়োজন করা সুবিধাজনক হবে।

জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচন আয়োজনের মতো প্রস্তুতি তাদের নেই। নির্বাচন করতে কতদিন প্রয়োজন হবে, সে বিষয়ে জানাতে এক মাস সময় লাগতে পারে বলেও তিনি জানান। সম্ভাব্য সময়সূচি ঘোষণার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।

এরপর সিইসি বলেন, এটি এখনো প্রাথমিক সিদ্ধান্ত। তবে সময় নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি ধাপের মধ্যে অন্তত ১৫ দিনের ব্যবধান রাখার বিষয়টি বিবেচনা করতে হবে।

বৈঠকে জনপ্রশাসন সচিব অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, অর্থ সচিব বৈঠকে উপস্থিত নেই। এ অবস্থায় সব বিষয়ে কীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

একজন সচিব জানান, বন্যার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। পাশাপাশি নির্বাচন পরিচালনায় শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন। নভেম্বর ও ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা থাকায় শিক্ষকরা ব্যস্ত থাকবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হলে পরীক্ষায়ও ব্যাঘাত ঘটতে পারে। এসব কারণে ওই সময়ে নির্বাচন আয়োজন কঠিন হবে বলে তিনি মত দেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, নভেম্বরে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের একটি টিম দেশে আসবে। ডিসেম্বরজুড়েও তারা শিক্ষার মান নিয়ে কাজ করবে। ফলে এ সময়ে শিক্ষকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন।

আইজিপিও নভেম্বর ও ডিসেম্বরে পুলিশের বিভিন্ন দায়িত্ব ও দিবস পালনের ব্যস্ততার কথা তুলে ধরেন। জানুয়ারি থেকে নির্বাচন শুরু হলে পুলিশের জন্য প্রস্তুতি নেওয়া তুলনামূলক সহজ হবে বলে তিনি জানান।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনি দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ শেষ করতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। স্থানীয় সরকার নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে বুধবার থেকে সারা দেশে পুলিশের নির্বাচনি প্রশিক্ষণও শুরু হয়েছে।

সভায় নির্বাচন কমিশনের ভাবমূর্তির বিষয়টি তুলে ধরে একজন নির্বাচন কমিশনার বলেন, ইতোমধ্যে সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে।

সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সময়ের ব্যবধান খুবই কম। এই সীমিত সময়ের মধ্যে সব কার্যক্রম কীভাবে সমন্বয় করা যায়, সে বিষয়ে আরও কাজ করতে হবে। নভেম্বর ও ডিসেম্বরজুড়ে বিভিন্ন পরীক্ষা থাকায় পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া যাবে। এরপর রমজান ও এসএসসি পরীক্ষা রয়েছে। এসএসসি পরীক্ষার পর ৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরুর আগ পর্যন্তও কিছুটা সময় পাওয়া যাবে।

ইসির ঘোষিত সম্ভাব্য সময়সূচি থেকে কমিশন সরে এসেছে কি না; এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘মোটেও না।’ আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘এটা একটা টেন্টেটিভ শিডিউল। প্রাক-প্রস্তুতিমূলক সভার আলোকে এটি তৈরি করা হয়েছিল। আমরা বলেছিলাম, ১৭ তারিখের সভার পর এটিকে চূড়ান্ত করা হবে।’

সানাউল্লাহ বলেন, ‘আমরা সামান্যতম কোনো জায়গা থেকেও সরে আসিনি। আজকে যে উপাত্ত পেয়েছি, সেগুলো পর্যালোচনা করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী যখন যে নির্বাচন আয়োজনের প্রয়োজন হবে, তখন তা করা হবে। প্রাথমিক পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সবাই মতামত দিয়েছেন। এখন কমিশনেও এ বিষয়ে আলোচনা করা হবে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রযুক্তি ব্যবহার করা হবে। সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব বাহিনী এতে দায়িত্ব পালন করবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে স্থাপিত সিসি ক্যামেরার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বৃহস্পতিবার মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটে আপত্তি

সর্বশেষ আপডেট ১২:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬