নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২

- সর্বশেষ আপডেট ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 46
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শোভাযাত্রায় হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর শেখ এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর এলাকার একটি খালের কাছে পৌঁছালে একদল লোক অতর্কিত হামলা চালায়।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালান। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের মারধর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলায় গুরুতর আহত হন কৃষকদল নেতা শাহিনুর শেখ, জাসাস নেতা সোহেল মোল্লা এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ কয়েকজন। আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শাহিনুর ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। তবে পথে তাঁদের মৃত্যু হয়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. ইদ্রিস আলী জানান, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সুপার জানান, হামলার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।































