ধাপে ধাপে মাঠ ছাড়বে সশস্ত্র বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 93
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, অনির্দিষ্ট সময় ধরে সশস্ত্র বাহিনীকে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাখা সরকারের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সচিবালয়ে বৃহস্পতিবার সিলেট অঞ্চলে পাথর উত্তোলনসংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে আবারও কার্যকর ও নিয়ন্ত্রিত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে সরকার মনে করছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থা তৈরি হয়েছে। এ কারণেই ধাপে ধাপে সশস্ত্র বাহিনীকে মাঠ পর্যায়ের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় এই প্রত্যাহার কার্যকর হবে, তা নিয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নিলে সরকার কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। একপর্যায়ে বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। ৫ আগস্টের পর দেশের বহু পুলিশ সদস্য কর্মবিরতিতে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়।
পরিস্থিতি সামাল দিতে ওই বছরের সেপ্টেম্বরে সশস্ত্র বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। প্রথমে ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হলেও পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় আসেন।




































