দৈনিক ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় নির্ধারণ করেছে সরকার

- সর্বশেষ আপডেট ০৮:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 171
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশের বিদ্যুৎ বিভাগের সমন্বিত কর্মকৌশলে প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফ করেন যে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও যুদ্ধের প্রভাব মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা এবং অর্থায়ন কৌশল পর্যালোচনা করা হয়েছে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মপরিকল্পনায় কৃষি সেচ, সার উৎপাদন ও বিতরণ, শিল্পখাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
আগামী তিন মাস সব প্রকার আলোকসজ্জা পরিহার বাধ্যতামূলক করা হবে, এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা হবে।
সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৪টা, ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। জরুরি সেবা ছাড়া সব অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে বিদ্যুৎ সাশ্রয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভায় প্রস্তাব দেবে। পরিবেশবান্ধব নতুন ইলেকট্রিক বাস বিনা শুল্কে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য, অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কে আমদানি অনুমোদন করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন সড়ক থেকে সরানো হবে।
সরকারি পরিচালন ব্যয় হ্রাসে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা গাড়ির মাসিক জ্বালানি বরাদ্দের ৩০ শতাংশ কম গ্রহণ করবেন। সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয় ও বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ হ্রাস, সেমিনার ও সভার খরচ যথাক্রমে ২০–৫০ শতাংশ কমানো হবে।
এছাড়া সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমানো, আবাসিক ভবনের শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ, অনাবাসিক ভবনের ৫০ শতাংশ এবং ভূমি অধিগ্রহণ ব্যয় পুরোপুরি হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।































