দেশে ৫৩% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে

- সর্বশেষ আপডেট ০৫:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 108
দেশে ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও এখনো শহর ও গ্রামের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে। নতুন এক সরকারি জরিপে দেখা গেছে, দেশের ৫৩ শতাংশের বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছেন, তবে ডিজিটাল সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছায়নি।
দেশের মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটরিয়ামে প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে লিঙ্গভিত্তিক পার্থক্যও লক্ষ্য করা গেছে। পুরুষ ব্যবহারকারী ৫৬ দশমিক ৬ শতাংশ হলেও নারীদের মধ্যে এ হার ৫০ দশমিক ২ শতাংশ।
তবে সবচেয়ে স্পষ্ট বৈষম্য দেখা গেছে শহর ও গ্রামের মধ্যে। শহর এলাকায় ৭৫ দশমিক ৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করলেও গ্রামে এ হার মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশ। ফলে দুই অঞ্চলের ব্যবধান দাঁড়িয়েছে ৩২ শতাংশেরও বেশি, যা দেশের ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
মোবাইল ফোন ব্যবহারের হার তুলনামূলকভাবে বেশি হলেও ব্যক্তিগত মালিকানায় এখনো ঘাটতি রয়েছে। দেশে ৮৮ দশমিক ৪ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু নিজস্ব ফোন রয়েছে ৬৪ দশমিক ৪ শতাংশের। অন্যদিকে, কম্পিউটার ব্যবহার সীমিত থেকে গেছে মাত্র ১১ দশমিক ৩ শতাংশে।
পরিবারভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ সবচেয়ে বেশি, আর পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মতো জেলাগুলো তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।
ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে ৬৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী সরকারি চাকরি সংক্রান্ত তথ্য অনুসন্ধান করেছেন। খেলাধুলা সম্পর্কিত তথ্য খুঁজেছেন ৪৯ দশমিক ৮ শতাংশ। তবে অনলাইনে কেনাকাটার হার এখনো কম—মাত্র ১১ দশমিক ৬ শতাংশ।
ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে মৌলিক কাজগুলোই বেশি দেখা গেছে। ৮৪ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী কপি-পেস্টের মতো সাধারণ কার্যক্রম করতে পারেন, তবে উন্নত দক্ষতার ঘাটতি রয়ে গেছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা সচেতনতায় কিছু অগ্রগতি থাকলেও ঝুঁকি পুরোপুরি কমেনি। ৭৮ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী সাইবার আক্রমণের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম বলে জানিয়েছেন। তবে ৫০ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারীর মতে ভাইরাস ও ম্যালওয়্যার এখনো বড় হুমকি।
অন্যদিকে, ইন্টারনেটের উচ্চ খরচকে বড় বাধা হিসেবে উল্লেখ করেছেন ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল সেবাকে আরও বিস্তৃত করতে হলে সাশ্রয়ী মূল্য, অবকাঠামো উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির দিকে সমান গুরুত্ব দেওয়া জরুরি।































