দেশকে চরমপন্থা ও মৌলবাদের হাত থেকে বাঁচাতে হবে: তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৮:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 230
গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থা ও মৌলবাদের আশ্রয়স্থল হয়ে না ওঠে, সেই প্রত্যাশা বিএনপির। এজন্য তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের মালিক একমাত্র জনগণ। তাই মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা জরুরি, যা সম্ভব কেবল জনগণের ভোটাধিকার রক্ষার মাধ্যমেই।
তিনি স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন— দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক।




























