দুবাই মোটর রেসে বাংলাদেশি অভিকের ডাবল চ্যাম্পিয়ন শিরোপা
- সর্বশেষ আপডেট ০৮:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 41
আন্তর্জাতিক মোটর রেসিং অঙ্গনে বড় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের রেসার অভিক আনোয়ার।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই মোটর সিটিতে অনুষ্ঠিত ‘গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৫–২৬’-এর শেষ রাউন্ডে তিনি চ্যাম্পিয়ন হন এবং একই সঙ্গে পুরো আসরের সামগ্রিক শিরোপাও নিজের করে নেন।
শনিবার অনুষ্ঠিত রাউন্ড–৭ এ রেনল্ট ক্লিও ক্যাটাগরিতে অংশ নিয়ে ১০ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষে থাকেন অভিক। এর মধ্য দিয়ে তিনি কেবল রাউন্ড জয়ই নয়, পুরো মৌসুমের ‘রেনল্ট ক্লিও ক্লাস চ্যাম্পিয়ন’ হওয়ার স্বীকৃতিও পান।
চ্যাম্পিয়নশিপজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি ‘ওভারঅল ইউএই ট্যুরিং কার চ্যাম্পিয়ন ২০২৫–২৬’ শিরোপাও অর্জন করেন। প্রতিযোগিতায় মোট ৪০ জন আন্তর্জাতিক ড্রাইভার অংশ নেন। অভিক ৩৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকেন, যেখানে দ্বিতীয় স্থানে থাকা ম্যাক্সিম ভোলিকিনের পয়েন্ট ছিল ২০৭।
প্রথম আলোকে হোয়াটসঅ্যাপে দেওয়া প্রতিক্রিয়ায় অভিক আনোয়ার বলেন, ফলাফলটি তাঁর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, কঠিন প্রতিযোগিতা ও সীমিত সুযোগের মধ্যেও এটি একটি উল্লেখযোগ্য অর্জন, যা বাংলাদেশি মোটরস্পোর্টসের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
তিনি জানান, শেষ রেসটি বৃষ্টিভেজা পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে অনেক প্রতিযোগী পরিবর্তিত টায়ার ব্যবহার করলেও তিনি সরু টায়ার নিয়েই ট্র্যাকে নামেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি ভালো ফল ধরে রাখতে সক্ষম হন বলে উল্লেখ করেন।
এই আসরে যুক্তরাজ্য, জার্মানি, আয়ারল্যান্ড, ভারত, ফ্রান্স, রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের ড্রাইভাররা অংশ নেন। ফলে প্রতিযোগিতার মান ছিল তুলনামূলকভাবে বেশ উচ্চ।
অভিক আনোয়ার মনে করেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মোটরস্পোর্টস পরিচিতি বাড়ানোর ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।































