থার্ড টার্মিনাল চালু হলে বাড়বে বিমানবন্দরের সক্ষমতা
- সর্বশেষ আপডেট ০৩:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 180
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা বর্তমানের তুলনায় দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। একই সঙ্গে যাত্রীসেবায় যুক্ত হবে আধুনিক ইমিগ্রেশন, অটোমেটেড কাস্টমস ও মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা।
বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।
এ সময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বেবিচক চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মানে বড় পরিবর্তন আসবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস ব্যবস্থার ফলে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা চালু হওয়ায় বিমানবন্দর এলাকায় যানজটও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
নেটওয়ার্ক সমস্যার বিষয়ে তিনি বলেন, থার্ড টার্মিনালে এটি বড় কোনো সংকট নয়। প্রয়োজন হলে রিপিটার স্থাপনের মাধ্যমে কাভারেজ আরও বাড়ানো সম্ভব।
এভিয়েশন খাতে সরকারের চলমান পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। জানান, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ দীর্ঘদিন বন্ধ থাকা আটটি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে।


































