তথ্য নিয়ন্ত্রণের ধারণা এখন অচল: তথ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৮:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 140
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক প্রযুক্তির যুগে তথ্য আর আগের মতো নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি একটি বিস্তৃত ও গতিশীল ব্যবস্থায় পরিণত হয়েছে, যেখানে সমন্বিত উদ্যোগই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
রাজধানীতে রোববার (২৪ মে) বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে জনসংযোগ কর্মকর্তাদের তথ্য ব্যবস্থার সামগ্রিক কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। একই সঙ্গে সরকারি সেবা ও সুযোগ-সুবিধা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করাও তাদের দায়িত্বের অংশ।
তিনি আরও বলেন, আধুনিক জনসংযোগ এখন আর শুধু প্রচলিত যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া এ পেশা কল্পনাই করা যায় না। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা ও ডিজিটাল যোগাযোগে আরও সক্ষম হয়ে উঠতে হবে।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের তথ্য ক্যাডারে বর্তমানে কয়েকশ কর্মকর্তা কাজ করছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটি দক্ষ ও আধুনিক জনসংযোগ কাঠামো গড়ে তোলা এখন জরুরি হয়ে পড়েছে।
পাবলিক সাইকোগ্রাফি বোঝার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন, যা জনমত বিশ্লেষণ ও যোগাযোগ কৌশল নির্ধারণে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার এখন সময়ের দাবি। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন যাচাইয়ে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও সরকারের ইতিবাচক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরাই জনসংযোগ কর্মকর্তাদের মূল দায়িত্ব।

































