ঢাকা থেকে নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ
- সর্বশেষ আপডেট ০৫:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 147
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা থেকে প্রার্থী হবেন। তবে তিনি জানিয়েছেন, এখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকে নির্বাচন করব নিশ্চিত। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।”
কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কোনো দলে যোগ দেবো কিনা, তা নিয়ে এখনো কারও সঙ্গে আলোচনা হয়নি।”
ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার বিষয়েও তিনি জানান, “দুইবার যেহেতু ভোট দিতে পারিনি, আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা। সে কারণে ঢাকা-১০ এর ভোটার হয়েছি।”
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। এক সময় গুঞ্জন ছিল, ওই আসন থেকেও তিনি নির্বাচনে অংশ নিতে পারেন।































