ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ: পল কাপুর

- সর্বশেষ আপডেট ০৯:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 192
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পল কাপুর বলেন, কেবল বাণিজ্য বা নিরাপত্তা নয়, সুশাসন ও অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সমুদ্র ও সীমান্তে ঘটে এমন ঘটনাগুলোর প্রভাব শুধু স্থানীয় নয়, বরং ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সঙ্গে যুক্ত। পাশাপাশি বাংলাদেশকে স্বাধীনভাবে প্রযুক্তি গ্রহণ ও সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি জানান।
অনুষ্ঠানে ব্যবসা, বাণিজ্য, জ্বালানি ও কৃষিপণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পল কাপুর তার বক্তব্যে ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকার গুরুত্বের ওপর জোর দেন।































