ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ছাত্রদলের

- সর্বশেষ আপডেট ০৬:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / 148
ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে তিনি উত্তেজনা ছড়িয়ে ‘মব’ তৈরির প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, শাহবাগ থানার ভেতরে ও বাইরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য তিনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছেন।
তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ও ফটোকার্ডকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তার ভাষায়, এসব প্রচারণা সীমা ছাড়িয়ে গেছে, যা সংশ্লিষ্টদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি করেছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া অস্বাভাবিক কি না।
ছাত্রদল সভাপতি বলেন, ঘটনাস্থলে থাকা ব্যক্তির উপস্থিতি ও পরবর্তী স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। তবে আহতদের ঘটনাকে সামনে রেখে নতুন করে ‘মব’ তৈরি করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। এ ধরনের প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতিকে আর জটিল না করার দায়িত্ব সবারই রয়েছে।
তিনি আরও মন্তব্য করেন, ক্যাম্পাসভিত্তিক কমিটি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত প্রচারণা ও চাপ তৈরির প্রবণতা অব্যাহত রয়েছে। তার মতে, এটি পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।
সাংবাদিকদের উদ্দেশেও তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যেসব গণমাধ্যমকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

































