ডাকসু নির্বাচন: শেষ হলো ভোট গ্রহণ, ফলের অপেক্ষা

- সর্বশেষ আপডেট ০৪:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 147
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল ৪টার পর সব কেন্দ্রের দরজা বন্ধ করে ভোট গণনা শুরু হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টায় শেষ হয়। এরপর আর কাউকে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, তবে লাইনে থাকা শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিকেল তিনটার দিকে সিনেট ভবনের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট সংগ্রহ হয়েছে। তিনি বলেন, “কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, আবারো তদন্ত হবে।”
কার্জন হলে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়।
অভিযোগ ও পাল্টা অভিযোগ
নির্বাচন শান্তিপূর্ণ হলেও একাধিক প্রার্থী ভোটের স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুলেছেন। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেন, “ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষা ব্যাহত করা হয়েছে।”
শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, “বেশ কিছু ব্যত্যয় নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি।”
ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদের প্রার্থী খায়রুল হাসান অভিযোগ করেন, ভোটকেন্দ্র থেকে তাঁদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমের প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।
ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা অভিযোগ করেন, আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া ব্যালট পেপার তাঁর বান্ধবীর হাতে আসে। তবে পোলিং কর্মকর্তা রুমানা পারভীন এ্যানী জানান, অভিযোগের পর ব্যালট বদলে দেওয়া হয় এবং বাকি সব ব্যালট পরীক্ষা করে কোনো দাগ পাওয়া যায়নি।
অন্যদিকে বেশ কয়েকজন প্রার্থী ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং চান একটি “ফ্রি অ্যান্ড ফেয়ার” নির্বাচন।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, আনন্দমুখর পরিবেশে ভোট হচ্ছে।
প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী মেঘমল্লার বসু বলেন, প্রগতিশীল শক্তিগুলোর জয় হবে।
সাংবাদিকের মৃত্যু
দিনের সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে দুপুরে। কার্জন হলে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক তরিকুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
































