জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

- সর্বশেষ আপডেট ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 262
জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশনে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলবে। শনিবার (১৪ মার্চ) জ্বালানি বিভাগে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা আপাতত প্রত্যাহার করা হয়েছে। ফলে রবিবার থেকে ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল বিক্রি করা যাবে।
জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইরান সংকটের আগে যেভাবে স্বাভাবিকভাবে তেল সরবরাহ ও বিক্রি চলছিল, সেভাবেই কার্যক্রম চালু থাকবে। মূলত ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত এবং পরিবহন খাত সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠানে বলেন, দূরপাল্লার বাস ও গণপরিবহনের জন্য জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হচ্ছে। ফলে বাসগুলো প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহ করতে পারবে।































