জাল সনদধারী শিক্ষকদের শনাক্তকরণ শুরু: শিক্ষামন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৭:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 62
দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে জাল সনদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বুধবার জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এখন এনটিআরসিএর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের র্যাংকিং সিস্টেম চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
শিক্ষার মান উন্নয়নে প্রযুক্তিনির্ভর পরিকল্পনাও বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি, ফ্রি ওয়াই-ফাই সুবিধা এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম।
শিক্ষক স্বল্পতা দূর করতে শূন্য পদগুলোর তালিকা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ চালু করা হয়েছে, যা শিক্ষক উপস্থিতি ও পাঠদান কার্যক্রম তদারকি করবে।
আগামী অর্থবছরে সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন’ চালুর পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ‘অ্যাক্সিলারেটিং সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।






























