জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
- সর্বশেষ আপডেট ০৪:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 10
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সকালে আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বিমানবন্দর থানা পুলিশ। শুনানিতে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপনের পর আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিরাপত্তার কথা বিবেচনায় আখতারুজ্জামানকে শনিবার ভিন্ন পথে আদালতে নেওয়া হয়। আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যানের ভেতর থেকেই তিনি সরকারের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। পরে ভ্যান থেকে নামানোর সময় তাকে হেলমেট পরানোর চেষ্টা করা হলে তিনি সেটি ছুড়ে ফেলে দেন।
পুলিশের আবেদনে বলা হয়, বিমানবন্দরে লাগেজ বিলম্বের ঘটনাকে কেন্দ্র করে আখতারুজ্জামান বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সরকারি কাজে বাধা দেন। মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে তিনি বিমানবন্দরের এক কর্মকর্তার গায়ে হাত তোলেন।
আদালতে শুনানির সময় নিরাপত্তার কারণে সাংবাদিকদের এজলাসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, আখতারুজ্জামানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।
গত ১ অক্টোবর সৌদি আরব থেকে ওমরা শেষে দেশে ফেরেন আখতারুজ্জামান। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বিলম্বের ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
































