জাপানের ৩৮০০ কোটি টাকার ঋণ সহায়তা

- সর্বশেষ আপডেট ০৯:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 211
অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দেবে জাপান। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মধ্যে ৫০ বিলিয়ন ইয়েনের ঋণচুক্তি সই হয়েছে।
দেশের অর্থনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মধ্যে ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের ঋণচুক্তি সই হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা।
এই ঋণ সহায়তা দেশের চলমান অর্থনৈতিক সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন এবং সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে। জাপানের ‘এশিয়ায় জ্বালানি ও সম্পদ সহনশীলতা অংশীদারত্ব’ উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা ঋণ।
চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো সই করেন। একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতিতে নোট বিনিময় চুক্তিও সম্পন্ন হয়।
কর্মসূচির আওতায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, জ্বালানির উৎস বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের টেকসই পরিচালনায় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন সংস্কার কার্যক্রমও এগিয়ে নেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ সহায়তা দেশের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী করা, জ্বালানি খাতের সক্ষমতা বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



































