খোলাসা করলেন প্রেস সচিব
জাতিসংঘের সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী কেন ফখরুলরা?
- সর্বশেষ আপডেট ০৭:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 106
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। সেখানে তিনি ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
এই সফরে তার সঙ্গে যাচ্ছেন চার রাজনৈতিক দলের প্রতিনিধি; বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য-সচিব আখতার হোসেন।
রাজনৈতিক নেতাদের এ সফরকে ঘিরে দেশে-বিদেশে নানা আলোচনা চলছে। তবে বিষয়টি পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণের ভিত্তিতে হচ্ছে। এটি কোনোভাবেই নির্বাচনকেন্দ্রিক মধ্যস্থতা বা আলোচনার অংশ নয়।
তিনি আরও বলেন, “তারা সরকারের অংশীদার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ মঞ্চে যোগ দিচ্ছেন।”
ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।
































