জরুরি বৈঠক, পাকিস্তানে গেলেন বুলবুল
- সর্বশেষ আপডেট ১১:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 112
ভারতের মাটিতে খেলতে নারাজ বাংলাদেশ। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে টাইগাররা। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব উঠলেও তা নাকচ করে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ড।
এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই বিশ্ব ক্রিকেট অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোড়ন। বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে সরব হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পাকিস্তান প্রকাশ্যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়, যা আইসিসির জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোর পৌঁছান। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) আইসিসির উদ্যোগে পিসিবি ও বিসিবির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা যায়, বৈঠকে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।
































