জরিমানা ১ লক্ষ টাকা শুনেই অজ্ঞান নীলফামারীতে
- সর্বশেষ আপডেট ০৭:১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 23
নীলফামারীর ডোমারে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পরই এক অভিযুক্ত অজ্ঞান হয়ে পড়ায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার হরিনচড়া ধরধরার পাড় এলাকায় দেওনাই নদীতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এ সময় থানা পুলিশ অভিযানে সহায়তা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—হরিনচড়া এলাকার মো. ফারুক হোসেন (৩০) এবং ডিমলা উপজেলার ট্রাক্টরচালক অমল রায় (২৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যা নদীর প্রবাহ ব্যাহত করার পাশাপাশি আশপাশের কৃষিজমি ও গ্রামীণ অবকাঠামোর ওপর চাপ তৈরি করছিল। স্থানীয়দের অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানের সময় একটি বালুবাহী ট্রাক্টরসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই ফারুক হোসেন হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। পরে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউএনও শায়লা সাঈদ তন্বী বলেন, অবৈধ বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহলের মতে, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য ধরে রাখতে নিয়মিত এমন অভিযান প্রয়োজন, যা সময়োপযোগী উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।

































