জনগণের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার: আইজিপি

- সর্বশেষ আপডেট ০৫:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 90
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশের মূল দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অক্লান্তভাবে কাজ করা। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ মোকাবিলায় আধুনিক দক্ষতা অপরিহার্য।
বুধবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা) ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
তিনি শিক্ষানবিশদের উদ্দেশে বলেন, “আজ তোমরা শুধু চাকরিতে যোগ দিচ্ছো না; বরং একটি সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা এই পেশার মূলমন্ত্র। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
প্রশিক্ষণপ্রাপ্ত ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরের মধ্যে পাঁচজন নারী সদস্য ছিলেন। তারা প্যারেডে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আইজিপি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পর প্রশিক্ষণপ্রাপ্তদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি বলেন, অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সবসময় নিজেকে আধুনিক ও আপডেট রাখা অপরিহার্য।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি, সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।



































