‘ছয় মাস’ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

- সর্বশেষ আপডেট ০৮:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 152
চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হলেও অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে আলোচনার দাবি নাকচ করে তিনি বলেন, এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি।
তেহরানে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, ইরান সময়সীমা মেনে যুদ্ধ করে না; প্রয়োজন হলে যতদিন দরকার ততদিনই প্রতিরোধ চালিয়ে যাবে।
তার ভাষায়, দেশের সামরিক সক্ষমতা দীর্ঘমেয়াদি সংঘাত টিকিয়ে রাখার মতো অবস্থায় রয়েছে এবং অন্তত ছয় মাস যুদ্ধ চালানোর প্রস্তুতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, প্রকৃত অর্থে কোনো আলোচনা হয়নি। আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় আলোচনা মানে দুই পক্ষের সরাসরি বৈঠক—যা এখনো ঘটেনি।
তবে বার্তা আদান-প্রদান হচ্ছে, কিছু সরাসরি, কিছু আঞ্চলিক মিত্রদের মাধ্যমে; কিন্তু সেটিকে আলোচনা বলা যায় না।
তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন বার্তা ইরান পায় এবং প্রয়োজন অনুযায়ী জবাব দেয়। এসব বার্তায় কখনো সতর্কবার্তা বা মতামত থাকে, কিন্তু তা আলোচনার পর্যায়ে পড়ে না। অতীতের মতোই মধ্যস্থতার মাধ্যমে যোগাযোগ চলছে, এমনকি মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের কাছ থেকেও বার্তা আসে—তবে এটিও আলোচনার সমতুল্য নয়।
ইরানের ভেতরে একাধিক চ্যানেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ হচ্ছে—এমন দাবি নাকচ করে আরাঘচি বলেন, সব বার্তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্ঞাতসারে বা তত্ত্বাবধানে হয়। জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনে একক ব্যবস্থাপনায় এসব পরিচালিত হয়, আলাদা কোনো সিদ্ধান্তকেন্দ্র নেই।
যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব কিংবা ইরানের কথিত পাঁচ শর্তের প্রসঙ্গও তিনি উড়িয়ে দেন। তার দাবি, এসব মূলত গণমাধ্যমের জল্পনা; এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি।
যুদ্ধ শেষের শর্ত নিয়ে তিনি বলেন, ইরান শুধু যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায়। পাশাপাশি ভবিষ্যতে পুনরাবৃত্তি ঠেকাতে নিশ্চয়তা এবং ক্ষতিপূরণও তাদের দাবির অংশ।
আলোচনায় ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ নির্ভর করবে ইরানের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। জনগণের স্বার্থে প্রয়োজন মনে করলে তখন নির্দেশনা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনাস্থার কথাও তুলে ধরেন তিনি। অতীতের চুক্তি ভঙ্গ এবং আলোচনার পর হামলার অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, বর্তমানে আস্থার মাত্রা ‘শূন্যের কাছাকাছি’। তাই নতুন কোনো আলোচনার আগে প্রতিপক্ষের আন্তরিকতা যাচাই জরুরি।
নিরাপত্তা নিশ্চয়তা প্রসঙ্গে তিনি বলেন, এক-দুটি দেশের আশ্বাস যথেষ্ট নয়। টেকসই সমাধানের জন্য কার্যকর কাঠামো প্রয়োজন, যা নিয়ে বন্ধুসুলভ দেশগুলোর প্রস্তাব পর্যালোচনা করছে ইরান।
হরমুজ প্রণালি নিয়ে তিনি বলেন, এটি ইরান ও ওমানের অভ্যন্তরীণ জলসীমার অংশ। বর্তমানে এটি খোলা থাকলেও যেসব দেশ ইরানের সঙ্গে যুদ্ধে জড়িত, তাদের জাহাজের জন্য বন্ধ। অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।
আঞ্চলিক সংঘাত বিস্তারের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, লোহিত সাগর বা বাব আল-মান্দেব ইস্যু সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। ইরান কারও সহায়তা চায় না, নিজেই আত্মরক্ষায় সক্ষম।
ইরানের বিরুদ্ধে অবকাঠামোতে হামলার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, দেশটি বারবার পরীক্ষিত হয়েছে এবং কোনো আলটিমেটাম মেনে নেয় না। নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের অগ্রাধিকার।
স্থল হামলা বা দ্বীপ দখলের হুমকি নিয়েও তিনি আত্মবিশ্বাসী। তার মতে, এমন পদক্ষেপ নিলে প্রতিপক্ষকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।
মিসাইল প্রতিরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে ‘প্রচারণা’ বলে উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে ইরানের হামলা অব্যাহত রয়েছে এবং প্রতিপক্ষ তা ঠেকাতে পারছে না।
আঞ্চলিক দেশগুলোতে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইরান সরাসরি কোনো বন্ধুসুলভ দেশকে লক্ষ্য করে না; বরং সেখানে থাকা মার্কিন স্থাপনা ও বাহিনীই লক্ষ্যবস্তু। যদিও পার্শ্বক্ষতি হতে পারে, তবুও লক্ষ্য নির্দিষ্ট থাকে।
শেষে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের শক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। এতে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা অর্জন সম্ভব হতে পারে।































