চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 219
যশোরের চৌগাছায় একটি সড়ক দুর্ঘটনায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী আফিয়া ইসলাম (২৪) নিহত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে চৌগাছা-মহেশপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আফিয়ার পিতা মহিদুল ইসলাম গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আফিয়া তার পিতা মহিদুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে চৌগাছায় ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। চৌগাছা-মহেশপুর সড়কের মহেশপুর বাস স্ট্যান্ড সংলগ্ন উজ্জ্বল ড্রাগ হাউজের সামনে যানজটে আটকা পড়লে “আসমা-শান্তি” নামক একটি লোকাল বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আফিয়া রাস্তায় পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার পিতা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর বাসের চালক দ্রুত বাসটি চৌগাছা মোটরযান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে রেখে পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করা হয়েছে।

































