চীনা বিনিয়োগ টানতে লাইসেন্স অনুমোদন ১৫ দিনে
- সর্বশেষ আপডেট ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 16
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে দ্রুত লাইসেন্স অনুমোদন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও নীতিগত সুবিধার কথা তুলে ধরেন।
বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে। এর মাধ্যমে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও বাস্তব সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের সহযোগিতা এখন বাণিজ্য ও শিল্পখাতেও নতুন মাত্রা পেয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। দেশটি এখন বৈশ্বিক বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতমুখী অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে। চীনের মতো দীর্ঘদিনের বন্ধু দেশের সঙ্গে শিল্প ও বিনিয়োগ অংশীদারত্ব আরও জোরদার করতে সরকার আগ্রহী।
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, নতুন ব্যবসার লাইসেন্স এখন থেকে ১৫ দিনের মধ্যেই অনুমোদন দেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন সুবিধা, মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুযোগ এবং শক্তিশালী আইনি সুরক্ষা পাবেন।
তারেক রহমান আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব অঞ্চলে বন্দর সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, দক্ষ জনশক্তি ও শিল্প অবকাঠামো নিশ্চিত করা হবে।
নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত বস্ত্রশিল্প ও ওষুধশিল্পে বিশেষ প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় সুযোগ তৈরি করা হচ্ছে।
বক্তব্যের শেষে তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানান এবং দেশের সম্ভাবনাময় শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করেন।
































