চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
- সর্বশেষ আপডেট ০৪:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 112
বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশের উত্তর-পূর্ব, পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কয়েকটি জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (৮ জুলাই) কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু নদীসংলগ্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, সম্ভাব্য এ আকস্মিক বন্যা তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশের সব প্রধান নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয়, ত্রিপুরাসহ উজান এলাকাতেও ভারী বৃষ্টি হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং ভারতের সংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলা নদীর পানিও দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।





























