প্রধানমন্ত্রী তারেক রহমান
চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে
- সর্বশেষ আপডেট ০২:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 116
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আমরা মানুষের আস্থার মর্যাদা দিতে কাজ করছি। আমরা যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে আন্তরিকভাবে কাজ করছি।’
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এক মাসের কম সময়ে আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। যে প্রতিশ্রুতিগুলো জনগণের ভাগ্যের পরিবর্তন করবে, তা ধীরে ধীরে জনগণের কাছে পৌঁছে দেয়া হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুপরিমাণও সরে আসিনি। হয়তো ক্ষেত্র বিশেষে সময় লাগবে।
এর আগে, ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঞ্চে ছিলেন।
কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, দেশের বিশিষ্ট নাগরিকেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।






































