চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা মানবে না সরকার, কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

- সর্বশেষ আপডেট ০৩:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 106
চট্টগ্রাম বন্দরে চলমান শ্রমিক ধর্মঘট কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্দরের কার্যক্রম স্থবির করে দেশকে জিম্মি করার চেষ্টা করলে সরকার কঠোর অবস্থানে যাবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন।
বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, কিছু লোক পুরো বন্দরকে জিম্মি করার চেষ্টা করছে। সামনে রমজান মাস। প্রতিদিন নদীতে অভিযান চালাতে হচ্ছে, বহির্নোঙরে ছোলা, ডাল ও তেলবাহী জাহাজ আটকে আছে।
এতে ১৮ কোটি মানুষ ক্ষতির মুখে পড়ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, বন্দরের পরিস্থিতি এখন স্বাভাবিক। রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান।
তিনি বলেন, শ্রমিক ও কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বন্দর চেয়ারম্যান।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকালে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তিনি বৈঠকে যোগ দেন এবং সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বন্দর চেয়ারম্যানের দাবি, একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বন্দরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কোনো অবস্থাতেই নির্বাচন বিঘ্নিত হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সামনে রমজান মাস থাকায় কৃত্রিম সংকট তৈরি হলে বাজারে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়তে পারে, যা সরকার কোনোভাবেই মেনে নেবে না।































