গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তরে নতুন নির্দেশনা

- সর্বশেষ আপডেট ০৬:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 466
যানবাহন বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা হস্তান্তর না করলে আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হতে পারে বলে সতর্ক করেছে বিআরটিএ। একই সঙ্গে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ করার তথ্যও জানিয়েছে সংস্থাটি।
মোটরযান বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে বুধবার সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, অনেক ক্রেতা গাড়ি কেনার পর মালিকানা নিজেদের নামে স্থানান্তর না করেই ব্যবহার করছেন। ফলে যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে, যা পরবর্তীতে নানা ধরনের সমস্যার কারণ হচ্ছে।
সংস্থাটি স্মরণ করিয়ে দিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। আইন অনুসরণ না করলে বিক্রেতাকে অগ্রিম আয়কর, অতিরিক্ত কর এবং পরিবেশ সারচার্জের মতো আর্থিক দায় বহন করতে হতে পারে।
এ সমস্যা সমাধানে মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সহজ করা হয়েছে বলেও জানিয়েছে বিআরটিএ। এখন অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করে একই দিন মালিকানা পরিবর্তনের কার্যক্রম শেষ করা সম্ভব। পাশাপাশি নতুন মালিক ডিজিটাল নিবন্ধন সনদের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্যও জমা দিতে পারবেন।
বিআরটিএর মতে, মালিকানা পরিবর্তনের নিয়ম অনুসরণ না করলে ভবিষ্যতে আইনি জটিলতা দেখা দিতে পারে। তাই যানবাহন কেনাবেচার পর দ্রুত মালিকানা হস্তান্তর সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।































