খেলাপি ঋণ ঠেকাতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

- সর্বশেষ আপডেট ০৯:৩৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 184
ব্যাংক খাতের ঝুঁকি—বিশেষ করে খেলাপি ঋণ—আগেভাগে শনাক্ত করতে নজরদারি আরও শক্ত করল কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তী নিরীক্ষা প্রতিবেদন জমা বাধ্যতামূলক করা হয়েছে।
দেশের তফসিলি ব্যাংকগুলোকে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বর্তী প্রতিবেদন সময়মতো জমা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল লক্ষ্য—খেলাপি ঋণসহ আর্থিক ঝুঁকি শুরুতেই ধরতে পারা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’ অনুযায়ী নিরীক্ষা বছরের নবম মাসভিত্তিক একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রস্তুত করতে হবে। সেটি নিরীক্ষা বছরের শেষ তারিখের মধ্যেই জমা দিতে হবে। ২০২৫ সালভিত্তিক এবং পরবর্তী সব বছরেও একই নিয়ম বহাল থাকবে।
এছাড়া ব্যাংক খাতের তদারকি আন্তর্জাতিক মানে নিতে সুপারভিশন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে বলেও জানানো হয়। এর অংশ হিসেবে চালু হয়েছে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা।
সংশ্লিষ্টদের ভাষ্য, নতুন ব্যবস্থায় সব ব্যাংককে এক ছাঁচে না দেখে যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ, সেগুলোর ওপর বাড়তি নজর দেওয়া হবে। এতে আর্থিক দুর্বলতা বা অনিয়ম দ্রুত ধরা পড়ার সুযোগ তৈরি হবে।
তাদের মতে, এর ফলে ব্যাংকের সামগ্রিক আর্থিক অবস্থা—বিশেষ করে ঋণঝুঁকি ও খেলাপি ঋণের প্রবণতা—আরও কাছ থেকে পর্যবেক্ষণ করা যাবে। সঠিকভাবে বাস্তবায়ন হলে খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পাশাপাশি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
































