খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

- সর্বশেষ আপডেট ০৭:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 171
খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত ২৯৮ নং আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় খাগড়াছড়ি ঈদগাহ মাঠে এ জনসভা আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, “খাগড়াছড়িবাসীর জন্য নতুন করে খাগড়াছড়ি গড়ার সময় এসেছে। এ অঞ্চলের মানুষের ভাগ্য নির্ধারণ এবং সব ধরনের বৈষম্য দূর করার এখনই উপযুক্ত সময়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষখোর ও ধর্ষণকারীদের কোনো স্থান থাকবে না।”
এ সময় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, “আপনাদের ভোটে যদি আমি সংসদে যেতে পারি, ইনশাআল্লাহ খাগড়াছড়ির মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও ভোট কামনা করছি।”
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা পুরো এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।































