কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ সামগ্রী বিতরণ শুরু
- সর্বশেষ আপডেট ০৩:১৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 44
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও স্বাস্থ্যসম্মতভাবে অপসারণে নগরবাসীর মাঝে বিশেষ সামগ্রী বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে এবার পচনশীল ব্যাগ, জীবাণুনাশক ও পরিষ্কারক সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, নাগরিকদের সহযোগিতার জন্য এক লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ, ৪০ টন জীবাণুনাশক গুঁড়া এবং এক হাজার ৫০ লিটার জীবাণুনাশক তরল বিতরণ করা হবে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সেগুলো অপসারণ করতে পারেন। বর্জ্য ড্রেন বা নালায় ফেললে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টির সময় জলাবদ্ধতার ঝুঁকিও বাড়বে বলে সতর্ক করেন তিনি।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। প্রথম দিনের সব বর্জ্য আট ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে ‘হৃদয়ে এলিফ্যান্ট রোড সোসাইটি’র প্রতিনিধিদের হাতে পচনশীল ব্যাগ, জীবাণুনাশক গুঁড়া ও পরিষ্কারক সামগ্রী তুলে দেওয়া হয়। নগরবাসী নিজ নিজ ওয়ার্ড কার্যালয় কিংবা বর্জ্য সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
































