কোরবানির পশুরবাহনে চাঁদাবাজিতে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 19
ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এ ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ঈদকে ঘিরে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় সব উদ্যোগ নিয়েছে।
শেখ রবিউল আলম আরও বলেন, দীর্ঘ সময় ধরে শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে ভবিষ্যতে এসব এলাকায় অবকাঠামো উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে রেল যোগাযোগ উন্নত করার অংশ হিসেবে শরীয়তপুরে স্টেশন নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি পূর্ববর্তী সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তার ভাষায়, কিছু প্রকল্পে অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলেছে। বর্তমান সরকার সীমিত সম্পদের মধ্যেও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।































