কুয়াকাটায় সরকারি জমির অবৈধ দোকান উচ্ছেদ

- সর্বশেষ আপডেট ০৫:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 82
পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি জমি দখল করে গড়ে তোলা একটি অবৈধ দোকানঘর ভেঙে অপসারণ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির বহিষ্কৃত সদস্য মো. মন্নান হাওলাদার সরকারি জমি দখল করে একটি দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
দলীয় সূত্র জানায়, ঘটনাটি পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের নজরে এলে তিনি কুয়াকাটা পৌর বিএনপিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলেন। অভিযানে নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লি, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমান। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হায়দার শেখ এবং ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা।
উচ্ছেদের পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় অনেকে সন্তোষ প্রকাশ করেছেন।





























