কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর মরদেহ উদ্ধার

- সর্বশেষ আপডেট ০৯:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 449
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম উম্মে সিজ্জিল ইফতি (২২)। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও প্রভাষক মুমতাজ মুকুল-এর দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইফতি ও মুমতাজ মুকুল আলোরমেলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। মুকুলের প্রথম স্ত্রী সন্তানদের নিয়ে শহরের গাইটাল এলাকায় বসবাস করেন।
স্থানীয়রা জানান, ইফতি ও মুকুলের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো এবং রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে ইফতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন না।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রভাষক মুকুলকে নিজেদের হেফাজতে নিয়েছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


































