ঐক্যের পথে ৭ ইসলামি দল
- সর্বশেষ আপডেট ০৫:৩৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / 41
কওমি ধারার সাতটি ইসলামি দল ভবিষ্যতে একসঙ্গে পথচলার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে। হেফাজতে ইসলামের মধ্যস্থতায় শুরু হওয়া এই উদ্যোগ আগামী দিনে নতুন একটি রাজনৈতিক জোটের রূপ নিতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাতটি দলের প্রতিনিধিরা অংশ নেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা বৈঠকে ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হেফাজতের কেন্দ্রীয় নেতারাও এতে অংশ নেন।
বৈঠক শেষে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান জানান, সাতটি দল ঐক্যবদ্ধভাবে চলার বিষয়ে একমত হয়েছে। কী প্রক্রিয়ায় এই ঐক্য কার্যকর হবে, তা নির্ধারণে দলগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট নেতারা জানান, কওমি ধারার দলগুলো আগে বিভিন্ন রাজনৈতিক জোটে যুক্ত হওয়ায় বিভক্তি তৈরি হয়েছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেই বিভাজন কাটিয়ে নিজেদের মধ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
হেফাজতের আমির চান, ইসলামি দলগুলোর মধ্যে মতবিরোধ কমিয়ে নিজেদের অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে। দলগুলোর প্রস্তাব পর্যালোচনার পর আগস্টের শুরুতে আবার বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ঐক্যের চূড়ান্ত কাঠামো নিয়ে আলোচনা হতে পারে।


































