অগ্নিসন্ত্রাসীদের
হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর ‘এনাফ ইজ এনাফ’

- সর্বশেষ আপডেট ০৪:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 50
অগ্নিসন্ত্রাস ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। এবার তাদের সমুচিত জবাব দিতে হবে।’ দেশের জনগণ ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর জোরপূর্বক দেশ শাসন করেছে। ২০২৪ সালে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে তাদের বিতাড়িত করেছিল, আবারও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল। গুম-খুনের রাজনীতি বন্ধের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একটি মহল আবারও সেই অধিকার কেড়ে নিতে চায়।
জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, তারা কি আবার গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনার সুযোগ দেবেন? মানুষের ভোটাধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার রাজনীতি মেনে নেবেন?
তিনি আরও বলেন, ২০২৪ সালের মতো দেশের সব গণতন্ত্রকামী মানুষকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার ও দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।































