উচ্চবিত্তদের টার্গেট করে ডলারে চাঁদা দাবি
- সর্বশেষ আপডেট ০৪:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 7
সমাজের উচ্চবিত্ত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের কাছে ডলারে চাঁদা দাবি করত একটি সংঘবদ্ধ চক্র। চাঁদা না দেওয়ায় দুই চিকিৎসককে হত্যার হুমকি ও একজনের ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, চক্রটি উচ্চবিত্ত ব্যক্তিদের বাসার ঠিকানা, গাড়ির নম্বর, পেশা, চলাফেরা ও আর্থিক অবস্থার মতো তথ্য সংগ্রহ করত। পরে এসব তথ্য ব্যবহার করে তাদের কাছে ডলারে চাঁদা দাবি করা হতো।
ডিবি জানায়, চক্রটি সরকারি-বেসরকারি হাসপাতালের অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে টার্গেট করেছিল। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক ছিলেন।
গত ২৭ জুলাই ধানমন্ডির ৪ নম্বর সড়কে গাড়ি আটকে ডা. আমিনুল হককে হুমকি দেওয়া হয়। পরে গত ১৭ আগস্ট রাতে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখে ফেরার পথে ডা. আসাদুর রহমানের ওপর হামলা চালানো হয়।
ডিবির ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা সিএনজির গতিরোধ করে চিকিৎসককে টেনে নামিয়ে মারধর করে। একপর্যায়ে তার ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলার আগে তার মোবাইলে ফোন করে ১৫ হাজার মার্কিন ডলার চাঁদাও দাবি করা হয়েছিল।
এ ঘটনায় ডা. আসাদুর রহমান পল্টন মডেল থানায় মামলা করেন। তদন্তে নেমে শনিবার রাতে শনির আখড়ার গোয়ালপাড়া থেকে সানি সাহা এবং খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকা থেকে ফাতিন ইসরাক লাবিবকে গ্রেপ্তার করে ডিবি। এ নিয়ে চক্রটির চার সদস্য গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানি সাহা জানিয়েছেন, ২০২৪ সালে দেশে ফেরার পর তাকে সমাজের উচ্চবিত্তদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। পরে দুই চিকিৎসকের কাছ থেকে চাঁদা আদায়ের দায়িত্বও পান তিনি।
চিকিৎসকের ওপর হামলায় সহযোগী হিসেবে আবু বকর, রাতুল, ইবান, জীবন ও সাব্বিরকে এক লাখ টাকার বিনিময়ে যুক্ত করার কথা জানান ফাতিন। এর মধ্যে ইবান ও জীবনকে আগেই গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সানি সাহা ও ফাতিন ইসরাক লাবিবের বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি।
































