ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিস্পত্তিসহ ৭ নির্দেশনা প্রধানমন্ত্রীর
- সর্বশেষ আপডেট ১০:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 137
ঈদের ছুটিকে সামনে রেখে আইনশৃঙ্খলা থেকে বাজার পরিস্থিতি—সবকিছু নিয়ন্ত্রণে রাখতে সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদ এলেই দেশে চলাচল বাড়ে, বাজারে চাপ পড়ে, কোথাও কোথাও অস্থিরতার ঝুঁকিও তৈরি হয়—এই বাস্তবতাই যেন সামনে রেখে মন্ত্রিপরিষদ বৈঠকে কিছুটা সতর্ক সুরে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি পরিষ্কার করে দিয়েছেন, ছুটির সময় প্রশাসনের ঢিলেঢালা ভাব চলবে না; বরং মাঠপর্যায়ে উপস্থিতি ও নজরদারি বাড়াতে হবে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজ নিজ খাতে সরাসরি তদারকি জোরদার করতে বলা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ ও সামগ্রিক শৃঙ্খলা নিয়ে একটা চাপ তৈরি হতে পারে।
এই জায়গাগুলো আগে থেকেই সামলে রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ পরিস্থিতি খারাপ হওয়ার পর ব্যবস্থা নয়, আগেভাগে প্রস্তুতিই এখানে মূল কথা।
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মামলাও আলোচনায় এসেছে আলাদা গুরুত্ব নিয়ে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও বলা হয়েছে—যাতে বিচারপ্রক্রিয়া অযথা দীর্ঘ না হয়।
বৈঠকে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও উঠে আসে। সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
































