ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপের আহ্বান

- সর্বশেষ আপডেট ০৭:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 142
নারী ও শিশুর অধিকার সুরক্ষায় আরও জোরালো রাজনৈতিক অঙ্গীকার, সুশাসন এবং সুস্পষ্ট বাস্তবায়ন পরিকল্পনার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন। তারা বলেছেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন পরিমাপযোগ্য কর্মসূচি ও কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুইটি অ্যান্ড জাস্টিস এ সভার আয়োজন করে। সভায় সরকারের প্রথম ১৮০ দিনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, সহিংসতা থেকে সুরক্ষা, জলবায়ু ঝুঁকি এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রগতি ও ঘাটতি তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পর্যালোচনা এবং রাজনৈতিক দলগুলোকে জনসমক্ষে জবাবদিহির আওতায় রাখার উদ্যোগ গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক রাজনীতি পেশিশক্তির ওপর নয়, বরং যোগ্যতা, অংশগ্রহণ ও জনগণের আস্থার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
নারীর পরিচয় শুধু কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তার সক্ষমতা ও অবদানের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সমঅধিকার ও সুযোগ নিশ্চিত না হওয়া পর্যন্ত সংরক্ষিত আসন ও পিংক বাসের মতো সাময়িক ব্যবস্থা প্রয়োজন হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে নারীরা নিরাপদে ও মর্যাদার সঙ্গে সরাসরি অংশ নিতে পারেন।
শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পর্যায়ক্রমে মাদরাসাকেও কার্যকর সরকারি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের কিশোরীদের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী সরবরাহ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে পাইলট কর্মসূচি নেওয়ার কথাও জানান তিনি।
উদ্বোধনী বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, নারী, শিশু, কিশোরী ও তরুণদের বিষয়গুলো নির্বাচনী ইশতেহারে অনেক সময় তুলনামূলক কম গুরুত্ব পায়। এ কারণে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোয়ালিশনের পক্ষ থেকে ১৪টি রাজনৈতিক দলের কাছে তথ্য-প্রমাণভিত্তিক সুপারিশ তুলে ধরা হয়েছিল। নারী ও শিশুর জন্য বিনিয়োগকে দয়া বা অনুদান হিসেবে নয়, বরং অধিকারভিত্তিক ও কৌশলগত উন্নয়ন অগ্রাধিকার হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।
মূল প্রবন্ধে মানুষের জন্য ফাউন্ডেশনের ওয়াসিউর রহমান তন্ময় ও অক্সফাম ইন বাংলাদেশের রওশন আক্তার উর্মী সরকারের প্রথম ১৮০ দিনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, সহিংসতা থেকে সুরক্ষা, জলবায়ু ঝুঁকি ও পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিএই ক্ষেত্রগুলোতে অগ্রগতি ও ঘাটতি তুলে ধরা হয়।
প্রতিবেদনে বাজেট বরাদ্দ, স্কুল ফিডিং, স্বাস্থ্যসেবা, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের সম্প্রসারণ এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন উদ্যোগে অগ্রগতির কথা উল্লেখ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ, স্বাস্থ্য খাতে অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক ওয়াশ ব্যবস্থা, প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা এবং নিয়মিত জবাবদিহির ক্ষেত্রে ঘাটতি চিহ্নিত করা হয়। বৈষম্যবিরোধী আইন দ্রুত প্রণয়ন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে শক্তিশালী পরিকল্পনা, শিক্ষাক্রম সংস্কার, স্বাস্থ্যবিমা, অন্তর্ভুক্তিমূলক ওয়াশ ব্যবস্থা এবং ইশতেহারভিত্তিক বাজেট প্রণয়নের সুপারিশ করা হয়।
প্যানেল আলোচনায় বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য আন্না মিনজ বলেন, দলীয় কাঠামো, মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচনী ব্যয় ও অনলাইন হয়রানির কারণে রাজনীতিতে নারীর সরাসরি প্রতিনিধিত্ব এখনও সীমিত। ৩৩ শতাংশ নারী অংশগ্রহণের লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. মো. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নারী ও শিশুর অধিকার সুরক্ষায় রাজনৈতিক ঐক্য, নিরাপদ কর্মপরিবেশ, উন্নত স্বাস্থ্যসেবা, শিশুর যত্নে সহায়তা এবং দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। সহিংসতার ঘটনায় প্রতিশোধের আশঙ্কা বা আইনি পদক্ষেপের ব্যয় বহন করতে না পারার কারণে অনেক ঘটনা প্রকাশ্যে আসে না বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি বলেন, ঘর, জনপরিসর ও অনলাইনে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডিপফেকের মাধ্যমে হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা এবং সাইবার আইনে আরও স্পষ্ট সুরক্ষার আহ্বান জানান তিনি।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা বলেন, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও তাপপ্রবাহের পাশাপাশি জলাবদ্ধতা, ফসলহানি, অভিবাসন, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া ও দারিদ্র্যের মাধ্যমেও জলবায়ু পরিবর্তনের প্রভাব নারী ও শিশুদের ওপর পড়ছে। এ পরিস্থিতিতে জনবান্ধব জলবায়ু পরিকল্পনা ও জলবায়ু অর্থায়নে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা আখতার সাতক্ষীরার শ্যামনগরে মেয়েদের ফুটবল খেলার ক্ষেত্রে তৈরি হওয়া বাধার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, সমান অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করতে হয়েছে এবং এখন মেয়েরা মাঠে ফুটবল খেলছে।
আলোচনা শেষে অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিল পান্ত ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কোয়ালিশনের সদস্য সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স, জাগো ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম ইন বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।


































