ইরান থেকে ইউরেনিয়াম সরানো কঠিন: ট্রাম্প
- সর্বশেষ আপডেট ০৪:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / 34
ইরান থেকে ইউরেনিয়াম অপসারণকে দীর্ঘ ও জটিল প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার মতে, সাম্প্রতিক সামরিক অভিযানের ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেই পরিস্থিতি থেকে উপাদানগুলো সরিয়ে নেওয়া এখন সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জপূর্ণ হয়ে উঠেছে।
বিষয়টি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও তুলে ধরেন।
ট্রাম্প পোস্টে দাবি করেন, গত বছরের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ওই অভিযানে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এলাকায় হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে পরবর্তী ধাপের কাজ আরও কঠিন হয়ে পড়েছে।
এদিকে ওই পোস্টে মার্কিন কিছু সংবাদমাধ্যমের সমালোচনাও করেন তিনি। তার অভিযোগ, সিএনএনসহ কয়েকটি গণমাধ্যম সামরিক পাইলটদের অবদান যথাযথভাবে তুলে ধরছে না এবং বরং ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। তার ভাষায়, এটি উদ্দেশ্যপ্রণোদিত আচরণ, যা তিনি কঠোরভাবে প্রত্যাখ্যান করেন।
এর আগে ইরান ইস্যুতে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে তেহরান সমঝোতায় আসবে। তবে তিনি সতর্ক করে দেন, আলোচনা ব্যর্থ হলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে ইরানকে।

































