ইবিতে শিক্ষিকাকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

- সর্বশেষ আপডেট ০৭:২৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 291
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিকেলে নিজ কক্ষে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। হামলার পর অভিযুক্ত কর্মচারীও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বুধবার বিকেল প্রায় চারটার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান শিক্ষিকার কক্ষে ঢুকে তার গলায় ছুরি চালান।
ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। এরপর হামলাকারী নিজ গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে দুজনকে উদ্ধার করে। বিকেল পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা ইমাম হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ফজলুর রহমান চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।




































