ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের এমপিও ছাড়
- সর্বশেষ আপডেট ০১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 20
দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য এলো স্বস্তির খবর। ২০২৬ সালের মে ও জুন মাসের এমপিও (আর্থিক অনুদান) বাবদ সরকারি অংশের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ফলে রোববার (১৯ জুলাই) থেকেই সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে অনুদানের অর্থ উত্তোলন করতে পারবেন শিক্ষকরা।
রবিবার (১৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, সরকারি অংশের চারটি চেক ইতোমধ্যে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংক- এর সংশ্লিষ্ট প্রধান ও স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা তাদের প্রাপ্য অর্থ গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৯ জুলাই ২০২৬ তারিখের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৫ এবং ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১৪৬ অনুযায়ী চেক হস্তান্তরের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, ১৯ জুলাইয়ের পর থেকেই সংশ্লিষ্ট ব্যাংক শাখায় গিয়ে মে ও জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।
































