আদ্-দ্বীন নয়, বাতিল হয়েছে প্যাথলজি লাইসেন্স: শিশির মনির

- সর্বশেষ আপডেট ০১:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 156
আদ্-দ্বীন হাসপাতালের মূল লাইসেন্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাতিল করেননি বলে জোরালো দাবি করেছেন দেশের জ্যেষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি স্পষ্ট করে বলেছেন, আদ্-দ্বীন হাসপাতাল নয়, বরং প্রতিষ্ঠানটির প্যাথলজি সেন্টারের লাইসেন্সটি বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি এই আইনি ব্যাখ্যা ও দাবি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কর্তৃপক্ষ বাতিল করেনি। বাতিল করা হয়েছে মূলত প্যাথলজি সেন্টারের লাইসেন্স। এটি কি কর্তৃপক্ষের চরম অবহেলা নাকি কোনো সুচিন্তিত সিদ্ধান্ত? যদি অবহেলা হয়ে থাকে, তাহলে এটি কেমন ধরনের অবহেলা? আপনারাই তা বিবেচনা করবেন।’
প্রকৃত সত্য ও আইনি নথির বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি পোস্টে আরও বলেন, ‘চলুন আমরা একটু লাইসেন্স দুটো দেখে নেই। এখানে মূলত দুটো আলাদা লাইসেন্স আছে। এর মধ্যে একটি লাইসেন্স হলো আদ্-দ্বীন হাসপাতালের জন্য। সেই মূল লাইসেন্সে পরিষ্কারভাবে লেখা আছে “to set up and run a hospital/clinic”। এই হাসপাতালের লাইসেন্সের নম্বর হলো HSM 4310058। অপরপক্ষে, কর্তৃপক্ষ আরেকটি ভিন্ন লাইসেন্স ইস্যু করেছিলেন। সেখানে স্পষ্ট করে লেখা আছে “to set up and run a pathology Center”। আর এই প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বরটি হলো HSM 4310059।

আইনজীবী শিশির মনির তাঁর ফেসবুক পোস্টের সাথে এই সংক্রান্ত অফিসিয়াল নথিপত্রের কপিও সংযুক্ত করে দেন। পোস্টে তিনি ঘটনার ধারাবাহিকতা উল্লেখ করে আরও লেখেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৪ জুন ২০২৬ তারিখে একটি কারণ দর্শানো নোটিশ (শো-কজ) জারি করে। ওই নোটিশে তারা সুনির্দিষ্টভাবে প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বর অর্থাৎ HSM 4310059 উল্লেখ করেন এবং তার ওপর ভিত্তি করে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেন। পরবর্তীতে হাসপাতালের পক্ষ থেকে জবাব দাখিলের জন্য অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী যথাসময়ে জবাবও দায়ের করা হয়।’
লাইসেন্স বাতিলের চূড়ান্ত প্রক্রিয়া প্রসঙ্গে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, ‘অতঃপর গতকাল (বৃহস্পতিবার) লাইসেন্স বাতিল করার আদেশ দেওয়া হয় এবং একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার একটি আইনি সুযোগও দেওয়া হয়েছে। এখন আপনারাই ঠান্ডা মাথায় বিচার করে দেখেন আসলে কি হলো? আদেশের মাধ্যমে কোনটা বাতিল হলো— হাসপাতাল, ক্লিনিক নাকি প্যাথলজি সেন্টার? এটি অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই সবচেয়ে ভালো বলতে পারবেন। পুরো বিষয়টি কি কর্তৃপক্ষের অবহেলা নাকি ইচ্ছাকৃত কোনো পদক্ষেপ? এটি যদি অবহেলা হয়ে থাকে, তবে তা কেমন ধরনের অবহেলা? এর বিচারের ভার আমি আপনাদের ওপরই ছেড়ে দিলাম।































