আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল প্রসঙ্গে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০১:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 73
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবহেলায় ছয়টি শিশুর মৃত্যু ঘটবে অথচ হাসপাতালের কোনো শাস্তি হবে না, তা হতে পারে না। তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখেন, যে ছোট কক্ষটিতে নবজাতকদের রাখা হয়েছিল সেখানে কোনো জানালা ছিল না এবং একটি মাত্র দরজা ছিল। ওই সংকীর্ণ রুমে ছয় নবজাতকের সঙ্গে আরও ২৫ জন মানুষকে রাখা হয়েছিল, যার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং শিশুগুলো মারা যায়। এছাড়া ঘটনার সময় সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত ডাক্তার বা নার্স উপস্থিত ছিলেন না এবং উপস্থিত কর্মীরাও বাচ্চাদের মায়েদের আকুতিকে গুরুত্ব দেননি বলে মন্ত্রী জানান।
উল্লেখ্য, গত ২৭ মে কোরবানির ঈদের আগের দিন সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয়টি নবজাতক মারা যায়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা, অতিরিক্ত মানুষের উপস্থিতি এবং পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্য গতকাল সোমবার এই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের স্বাস্থ্যখাতে জবাবদিহিতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর বিশেষ জোর দেন।































